বাংলাদেশের পরাজয়ের দিনেই টি-২০ বিশ্বকাপের নতুন রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেট নিয়ে ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকার করলেন তিনি।
সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপে পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে পেছনে ফেলেছেন টাইগার অলরাউন্ডার। এর আগে ওমানের বিপক্ষে তিন আর পিনজির বিপক্ষে চার উইকেটসহ ৩৯টি উইকেট নিয়ে যৌথভাবে আফ্রিদির সঙ্গে এই রেকর্ডের মালিক ছিলেন তিনি।
আর রোববার সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার পাথুম নিসঙ্কার উইকেট নিয়েই আফ্রিদিকে পেছনে ফেলেন শাকিব। এরপর আভিস্কা ফারনান্দোর উইকেট নিয়ে এককভাবে টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির বিশ্বরেকর্ড দখলে রাখেন তিনি।
টি২০ বিশ্বকাপে ২৯ ম্যাচে ৪১টি উইকেট নিয়ে সেরা উইকেট শিকারির তালিকায় নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। ৩৪ ম্যাচে ৩৯ উইকেট নিয়েছেন দ্বিতীয় অবস্থানে থাকা শাহিদ আফ্রিদি।
তালিকায় তৃতীয় অবস্থানে শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ৩৮টি উইকেট নিয়েছেন। এরপর পাকিস্তানের সাইদ আজমল ৩৬, শ্রীলঙ্কা অজন্তা মেন্ডিস ৩৫ ও আরেক পাকিস্তানি বোলার উমর গুল ৩৫টি করে উইকেট নেন।
এর আগে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নিয়ে বিশ্বকাপের বাইরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১০৮ উইকেটের মালিক হন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।




























