কোন ‘ক্লাসিকো’ দেখবেন আজ?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০২:২৪ পিএম
কোন ‘ক্লাসিকো’ দেখবেন আজ?

আজকের দিনটাকে ক্রীড়াপ্রেমিদের উৎসবের দিন বললে মোটেও ভুল হবে না। বিশেষ করে উপমহাদেশের জন্য এটা একেবারে সত্য। আজ (২৪ অক্টোবর) বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের দৃষ্টি থাকবে নিজেদের দলের ম্যাচের দিকে। এদিকে ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ এক ম্যাচ— মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিকেল ৪টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের মধ্যে দিয়ে আসরের গ্রুপপর্বের সূচনা করবে টাইগাররা। টাইগার ভক্তদের চোখ স্বভাবতই শারজার এই ম্যাচটির দিকে থাকবে।

এদিকে এই ম্যাচ শেষেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। চিরবৈরী দুই দেশের এই লড়াইকে ক্রিকেটের এল ক্লাসিকো বললে মোটেও ভুল হবে না। কী নেই এই ম্যাচটিতে— টানটান উত্তেজনা, রোমাঞ্চ, জয়ের ক্ষুধায় নিজেদের সেরাটা নিংড়ে দেওয়া। সব মিলিয়ে পুরো ক্রিকেট বিশ্বের চোখ থাকবে এই ম্যাচটির দিকে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

এতো গেল ক্রিকেটের কথা, ফুটবলেও আজ দুই স্প্যানিশ জায়ান্টের দ্বৈরথ। সংযুক্ত আরব আমিরাতে যখন মুখোমুখি হবেন বিরাট কোহলি ও বাবর আজমরা, তার কিছুক্ষণ পরই ক্যাম্প ন্যুতে খেলতে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ক্লাব ফুটবলের ধ্রুপদী এই ম্যাচটি ঘিরেও উন্মাদনা রয়েছে ক্রীড়াভক্তদের। সেটা ইউরোপ ছাড়িয়ে উপমহাদেশেও পৌঁছে গিয়েছে বহু আগে। ফলে ভারত-পাকিস্তানের টানটান দ্বৈরথের মধ্যেও দর্শকের চোখ থাকবে লা লিগার এই ম্যাচটির দিকেও। মেসি পরবর্তী যুগে এটাই প্রথম এল ক্লাসিকো বার্সেলোনার। অন্যদিকে রিয়ালও নামবে তাদের দীর্ঘদিনের সারথি সার্জিও রামোসকে ছাড়া। 

এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগেও আজ রাতে মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯.৩০ মিনিটে। সিরি আতে ইন্টার মিলান-জুভেন্টাস ও রোমা-নাপোলির ম্যাচগুলোর দিকেও চোখ থাকবে অনেকের। এদিন মাঠে নামবেন লিওনেল মেসিও। ফরাসি ক্লাব পিএসজির হয়ে খেলবেন মার্শেইর বিপক্ষে। 

Link copied!