‘কসমেটিক সার্জারি করে পাকিস্তান ক্রিকেটের উন্নতি হবে না’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৪:৩৮ পিএম
‘কসমেটিক সার্জারি করে পাকিস্তান ক্রিকেটের উন্নতি হবে না’

সম্প্রতি বড় ধরনের রদবদল হয়েছে পাকিস্তান ক্রিকেটে। পিসিবির চেয়ারম্যান পদে বসেছেন সাবেক অধিনায়ক রমিজ রাজা। এরপরই কোচিং স্টাফসহ বিভিন্ন যায়গায় পরিবর্তন আনা হয়। সরে দাঁড়ান হেড কোচ মিসবাহ-উল-হকও। 

কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর একমাস পর মুখ খুললেন মিসবাহ। জানালেন বাহ্যিক পরিবর্তন করে পাকিস্তান ক্রিকেটের দীর্ঘ মেয়াদী কোনো উন্নতি হবে না। তার দৃষ্টিতে এই বাহ্যিক পরিবর্তন হচ্ছে কসমেটিক সার্জারির মতো। তিনি পাকিস্তান ক্রিকেটে সংস্কৃতির পরিবর্তন চান।

পাকিস্তানের সাবেক এই কোচ বলেন, “আমাদের ক্রিকেটের সমস্যা হচ্ছে আমরা শুধু ফল চাই এবং সময় দিতে চাই না। আমাদের সিস্টেমের উন্নতির জন্য আমাদের পরিকল্পনা করার কোনো ধৈর্য নেই।”

পাকিস্তানের ইতিহাসের অন্যতম সফল এই ব্যাটসম্যান আরো বলেন, “আমাদের প্রথমে ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের উন্নতি করতে হবে এবং তারপর আন্তর্জাতিক পর্যায়ে এবং তাদের স্কিল ডেভেলপ নিয়ে কাজ করতে হবে। অথচ এদিকে আমাদের কোনো নজর নেই। আমরা শুধু ফল চাই এবং যদি কাঙ্ক্ষিত ফল না হয় তখন বলির পাঁঠা খুঁজতে থাকি।”

মিসবাহর মতে, এই সংস্কৃতির পরিবর্তন আনা প্রয়োজন। সমস্যার গভীরে না গিয়ে কোচ বা খেলোয়াড়ের ওপর দোষ চাপিয়ে পাকিস্তান ক্রিকেটের কোনো উন্নতি করা যাবে না, “কিছুই পরিবর্তন হবে না যদি আমরা কসমেটিক সার্জারি চালিয়ে যাই। আপনি কোচ এবং খেলোয়াড় পরিবর্তন করতে পারেন, কিন্তু গভীরে সমস্যা থেকেই যাবে।”

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নিয়েও সমালোচনা করেছেন মিসবাহ, “কী চলছে? প্রথমে আপনি কিছু বিশ্বকাপ দলে কিছু খেলোয়াড় নিলেন, দশ দিন পর ইউটার্ন নিয়ে বাদ পড়া খেলোয়াড় থেকে কয়েক জনকে আবার দলে নিলেন।”
 

Link copied!