বিশ্বকাপ বাছাইপর্বে হেরে মূল আসরে খেলা অনিশ্চিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে সুপার ওভার হেরে বিশ্বকাপের স্বপ্ন ফিকে হতে গেছে তাদের।
ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় উইন্ডিজ। তবে এই বিশাল সংগ্রহ নিয়েও স্বস্তিতে ছিল না তারা। নেদারল্যান্ডসও ৯ উইকেট হারিয়ে একই রানে পৌঁছে যায়।
ম্যাচ টাই হলে জয়-পরাজয় নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় সুপার ওভারে। নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নামে, বোলার জেসন হোল্ডার। তবে ক্যারিবীয় পেসার ডাচ ব্যাটার ফন বিকের কাছে পাত্তাই পায়নি। মাত্র ৬ বলে ৩০ রান তুলে ফেলেন এই অলরাউন্ডার। তার ইনিংস তিনটি চার ও তিনটি ছয়ে সাজানো ছিল।
জবাবে ৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কাছাকাছিও যেতে পারেনি উইন্ডিজ। এর মধ্যে আবার হারিয়ে বসে ২ উইকেট। ৬ বলে মাত্র ৮ রান তুলতে সক্ষম হয় তারা। ব্যাটিংয়ের পর বল হাতেও উইন্ডিজের বিপক্ষে জয়ের একমাত্র কারিগর ছিলেন ফন। তার সুপার ওভারেই নিশ্চিত হয় ক্যারিবীয়দের হার। এই ম্যাচ হেরে বিশ্বকাপের স্বপ্ন একপ্রকার শেষ ওয়েস্ট ইন্ডিজের।



































