৭৫ বছর পর টেস্টে শেষ বলে জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৩, ০৪:৩৬ পিএম
৭৫ বছর পর টেস্টে শেষ বলে জয়

ক্রাইস্টচার্চ টেস্টের শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। দ্বীপরাষ্ট্রটির ছুঁড়ে দেওয়া ২৮৫ রানের বিপরীতে ব্যাট করতে নেমে ম্যাচের শেষ বলে ২ উইকেট হাতে রেখে জয় পায় কিউইরা। এই ম্যাচ হারার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেছে লঙ্কানরা।

সোমবার (১৩ মার্চ) ক্রাইস্টচার্চ টেস্টের শেষ বলে নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১ রান। স্ট্রাইকে ছিলেন দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো কেন উইলিয়ামসন। আসিতা ফার্নান্দোকে মোকাবেলা করতে প্রস্তুত ছিলেন কেন।

দর্শকদের মধ্যে উৎকণ্ঠা তো ছিলই। সেই সাথে দুই দলের মধ্যেও ছিল উত্তেজনা, ভয়। জয় থেকে মাত্র এক বল দূরে দুই দল। বল করলেন ফার্নান্দো। শ্রীলঙ্কান পেসারের করা শর্ট বল পুল করেন নিউজিল্যান্ড অধিপতি। তবে যে প্রত্যাশায় বলে ব্যাট ছুঁয়ে দিয়েছিলেন, সেই প্রত্যাশামতো কিছুই হয়নি।

তবে ১ রানের জন্য দৌড় দিলেন কেন। উইকেটকিপার নিরোশান ডিকভেলা বল হাতে পেয়ে স্ট্রাইক প্রান্তে স্টাম্প ভাঙতে চেয়েও ব্যর্থ হন। তিনি দ্রুত বল দেনোই ওভারের বোলার ফার্নান্দোকে। তিনি সরাসরি স্টাম্প ভাঙেন।

ফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত জানানোর জন্য থার্ড আম্পায়ারকে দায়িত্ব দেন। তিনি সিদ্ধান্ত দেন উইলিয়ামসন আউট হননি। কিউইরা রোমাঞ্চকর এক টেস্ট জয়ের আনন্দে মেতে ওঠে।

ক্রিকেট বিশ্ব ৭৫ বছর পর শেষ বলে টেস্ট জয় দেখল। ১৯৪৮ সালের ২০ ডিসেম্বর শেষবার ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড শেষ বলে টেস্ট জিতেছিল। 

Link copied!