সিলেটে সব ধরনের ক্রিকেট বয়কট ক্রিকেটারদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০১:৩০ পিএম
সিলেটে সব ধরনের ক্রিকেট বয়কট ক্রিকেটারদের

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বৈঠক করে ফলপ্রসূ সিদ্ধান্ত না আসায় স্থানীয় ক্রিকেটাররা সিলেট জেলার সব ধরনের ক্রিকেট বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। রেলিগেশনসহ লিগ পদ্ধতিতে সিলেট প্রিমিয়ার লিগ আয়োজনের দাবি নিয়ে সোমবার সিলেটের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) ও সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে জেলার ক্রিকেটাররা। বৈঠকে ক্রিকেটারদের দাবি মানা হয়নি।

নিজেদের দাবি না মানায় এক অনলাইন সভায় সিলেটের সব ধরনের পেশাদার ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা।

সিলেট জেলার শীর্ষ ১০ ক্রিকেট লিগ দলকে দুই গ্রুপে ভাগ করে লিগের কাঠামো সাজিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। তবে এভাবে গ্রুপ ভিত্তিক খেলতে নারাজ খেলোয়াড়রা। তারা সরাসরি লিগ পদ্ধতিতে খেলার ব্যাপারে পক্ষপাতী। যেখানে সব দল মুখোমুখি হবে একে অন্যের।

খেলোয়াড়দের এই বয়কটের সিদ্ধান্তে অবশ্য ভাবনা নেই সিলেট জেলা ক্রীড়া সংস্থার। তারা তাদের সিদ্ধান্তের ব্যাপারে অনড়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ বলেন, "আমরা লিগের সময়সূচি দিয়ে দিয়েছি। ১৬ তারিখে খেলা শুরু। তারা খেলতে না চাইলে এটা তাদের ব্যাপার।"

Link copied!