ব্রাজিলের পুরো দল এখন ব্যস্ত ‘হেক্সা’ মিশনে। সেলেসাওদের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার একটা জোর গুঞ্জন অবশ্য ছিল থিয়াগো সিলভাকে ঘিরে।
তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে জায়গা না পেলেও নিজের চেনা ‘ঘরে’ ফিরেছেন ব্রাজিলের সাবেক এই তারকা ডিফেন্ডার।
গত সোমবার অভিজ্ঞ এই ডিফেন্ডারের প্রত্যাবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ফ্লুমিনেন্সে। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবটির জার্সিতে খেলবেন ৪১ বছর বয়সী এই তারকা।
২০২৫-এর শেষে ফ্লুমিনেন্সের অনিচ্ছা সত্ত্বেও রিও ডি জেনিরোর এই ক্লাবটি ছেড়েছিলেন থিয়াগো সিলভা।
ক্লাবের ম্যানেজমেন্ট চেয়েছিল ডিফেন্ডার যেন তাঁর চুক্তি অনুযায়ী ২০২৬-এর মাঝামাঝি পর্যন্ত দলেই থেকে যান, কিন্তু সিলভাকে তারা ধরে রাখতে পারেনি। সেই সময় ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্সের’ একটি প্রতিবেদনে জানিয়েছিল, ম্যানেজমেন্টের ইচ্ছা ছিল এই অভিজ্ঞ ডিফেন্ডারকে যতটা সম্ভব বেশি সময় দলের সঙ্গে রাখা।
































