ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড দুর্দান্ত ফর্মে আছেন। দলের কোচ এরিক টেন হ্যাগকে এই ফরোয়ার্ডের ফর্মে উত্থান সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তিনি রাশফোর্ডের ফর্মের উত্থানে কৃতিত্ব নিতে অস্বীকার করেছেন। বলেছেন, তিনি কোনো জাদুকর নন।
টেন হ্যাগ বলেন, "আমি হ্যারি পটার নই। গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস। প্রত্যেক খেলোয়াড়কে তার নিজের আত্মবিশ্বাস তৈরি করতে হবে। এ কারণে লড়াই করতে হবে এবং কঠোর পরিশ্রমও করতে হবে।"
তিনি আরও বলেন, “খেলোয়াড়ের যদি আত্মবিশ্বাস থাকে এবং আমরা যেভাবে কাজ করছি তাতে সে যদি আত্মবিশ্বাসী হয় তাহলে খেলোয়াড় তার সেরা পারফর্ম করতে পারে। হ্যাঁ, এখানে পরিবেশ এবং সংস্কৃতিও গুরুত্বপূর্ণ।"
তিনি আরও যোগ করেন, “মার্কাস স্পষ্টতই এই মুহূর্তে তার সেরা পারফর্ম করছে এবং সে সত্যিই ভালো অবস্থায় আছে। দিন দিন ম্যাচ খেলা, প্রশিক্ষণ থেকে সে আরও এগিয়ে যাচ্ছে। সামনে আমাদের আরও পদক্ষেপ আসছে।



























