কেন্দ্রীয় চুক্তি

জাকিরের অন্তর্ভুক্তি ও রাব্বির বাদ পড়া, ব্যাখ্যা দিলেন রাজ্জাক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩, ০৬:৪৬ পিএম
জাকিরের অন্তর্ভুক্তি ও রাব্বির বাদ পড়া, ব্যাখ্যা দিলেন রাজ্জাক

কেন্দ্রীয় চুক্তিতে এবার ২১ জনের তালিকা চুড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে সব ফরম্যাটে জায়গা পেয়েছেন মাত্র চারজন ক্রিকেটার। চমক হিসেবে টেস্টের চুক্তিতে রয়েছে জাকির হাসানের নাম।

সোমবার (২৩ জানুয়ারি) ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বের প্রথম দিনে একাধিক বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক।

সেখানে এক পর্যায়ে কেন্দ্রীয় চুক্তির বিষয়েও কথা বলেন রাজ্জাক। কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বিষ্ময়ের বিষয় ছিল ইয়াসির আলির রাব্বির বাদ পড়া। তার বাদ পড়া ও জাকিরের অন্তর্ভুক্ত হওয়া নিয়েও ব্যাখা দিয়েছেন রাজ্জাক।

রাজ্জাক বলেন, “আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিতে ৯৩ জন খেলোয়াড় আছে। ৯০ থেকে ৯৩ জনের নাম এবারও সাবমিট করেছি। যারা কেন্দ্রীয় চুক্তিতে থাকে না তারা ঐ চুক্তিতে চলে যায়। জাকিরকে নিয়ে আমরা অনেক আত্মবিশ্বাসী, এজন্য ওকে নিয়েছি।”

রাজ্জাক আরও বলেন “ইয়াসির ইন অ্যান্ড আউট পারফরম্যান্স। পুরোপুরি স্টেবল না। ক্ষুধাটা থাকুক, তাহলে নিজেকে মেলে ধরতে পারবে। আশা করছি ও কামব্যাক করবে।”

 খেলোয়াড়দের পারফর্মেন্স অনুযায়ী গ্রেডিং ভাগ করা হয়েছে বলে জানান তিনি। এতে খেলোয়াড়দের বেতনও বেড়েছে বলে জানিয়েছেন রাজ্জাক। 

রাজ্জাক বলেন, “এ, বি, সি, ডি- এভাবে চুক্তিতে গ্রেডিং করা হয়েছে। খেলোয়াড়দের পারফরম্যান্স অনুযায়ী গ্রেডিং দেওয়া হয়েছে। শীঘ্রই  এটা আপনারা জানতে পারবেন। সবকিছু মিলে ওদের স্যালারিও একটু বেড়েছে। গ্রেডিং দেখলেই বুঝতে পারবেন কার কতটুকু স্যালারি হয়েছে।”

ম্যাচ খেলার উপরে পয়েন্ট দেওয়ার সিস্টেম রয়েছে বলে জানান রাজ্জাক। আগে বছরে পারফর্মেন্স মূল্যায়ণ হলেও এবার ছয় মাসেই সেটা করতে চান বলে জানিয়েছেন তিনি।

“ক্রিকেট অপারেশন্সের একটা সিস্টেম আছে। যে যত বেশি ম্যাচ খেলে এর ওপর পয়েন্ট আছে। সবকিছু মিলিয়ে এটা তৈরি করা হয়েছে। প্রতি বছরই পারফরম্যান্স অনুযায়ী মূল্যায়ন হয়। এবার আমরা ৬ মাসের মধ্যেই করব বলেছি। একটা সিস্টেম আমরা তৈরি করেছি” যোগ করেন রাজ্জাক।

 

Link copied!