অভিষেকে বাবাকে মনে করালেন অর্জুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ১২:০১ এএম
অভিষেকে বাবাকে মনে করালেন অর্জুন

বাবা শচীন টেন্ডুলকারের মতো প্রতিভাবান নন, কিংবা ক্রিকেটার হিসেবে বাবার নামের প্রতি সুবিচার করতে পারবেন না। এমন সব ট্যাগ বেশ আগেই সেটে গিয়েছিল অর্জুন টেন্ডুলকারের গায়ে। রঞ্জি অভিষেকে অবশ্য এইসব কথা দূরে ঠেলেছেন অর্জুন। বাবার মতো রঞ্জি অভিষেকে করেছেন সেঞ্চুরি।

বাবা শচীন টেন্ডুলকার মুম্বাই দলের হয়ে খেললেও ছেলে অর্জুনের ঠিকানা গোয়া। মুম্বাই দলে নিয়মিত একাদশে জায়গা না পাওয়ায় চলতি মৌসুমেই গোয়ায় নাম লিখিয়েছিলেন। এবার গোয়ার জার্সিতে খেললেন নিজের অভিষেক ম্যাচ। আর সেঞ্চুরি করেই রাঙিয়েছেন রঞ্জি অভিষেক।

বুধবার (১৪ ডিসেম্বর) রাজস্থানের বিপক্ষে গোয়ার হয়ে ম্যাচের দ্বিতীয় দিনেই সেঞ্চুরি করেন ২৩ বছর বয়সী অর্জুন। ব্যাট হাতে ৭ নম্বরে নেমে ২০৭ বলে খেলেন ১২০ রানের ইনিংস। পুরো ইনিংসে ছিল ২ ছক্কা ও ১৬ চার। মূলত পেস বোলার হিসেবে পরিচিতি থাকলেও ব্যাট হাতেও দারুণ কার্যকর হতে পারেন, তারই প্রমাণ এই ইনিংস।

প্রায় চার দশক আগে ১৯৮৮ সালের ডিসেম্বরে ১৫ বছর বয়সে নিজের প্রথম শ্রেণির অভিষেক ম্যাচ খেলেন শচীন টেন্ডুলকার। সেই সময়ের বোম্বে দলের হয়ে অভিষেক তার। ওই ম্যাচে গুজরাটের বিপক্ষে অভিষেক ম্যাচে ১০০ রানের ইনিংস খেলেন তিনি।

রঞ্জির মতো দুলীপ ট্রফি ও ইরানি ট্রফির অভিষেকেও সেঞ্চুরির কীর্তি রয়েছে শচীনের। এখন অপেক্ষা এখানেও বাবার নামের প্রতি সুবিচার করতে পারেন কি-না!

Link copied!