বিশ্বকাপের আসরে আর্জেন্টিনা ফেবারিট হয়ে এলেও প্রথম ম্যাচেই হোঁচট খেতে হয় তাদের। সৌদি আরবের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় হওয়ার শঙ্কা দেখা দেয়। তবে দলের হাল ধরেন সেই একজনই, লিওনেল মেসি।
দ্বিতীয় ম্যাচে টিকে থাকার লড়াইয়ে দলীয় অধিনায়ক করেন গোলের সূচনা, বাকি কাজ সারেন এনজো ফার্নান্দেজ। ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে টুর্নামেন্টে টিকে থাকে লাতিন আমেরিকার দেশটি।
ম্যাচের দ্বিতিয়ার্ধের ৬৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে গোলবারের কর্নার ঘেঁষে মেক্সিকান গোলরক্ষক ওচোয়াকে পরাস্ত করেন মেসি। জয়ের পর ম্যাচসেরা এই পিএসজি তারকা জানান, আর্জেন্টিনার বিশ্বকাপ কেবল শুরু হলো।
ম্যাচের পর মেসি বলেন, “প্রথম ম্যাচে আমরা যথেষ্ট হারিয়েছি। আমরা জানতাম যে আজ (শনিবার রাতে) আমাদের জিততে হবে। আমাদের জন্য আরেকটি বিশ্বকাপের কেবল শুরু হচ্ছে। আমরা জানতাম কীভাবে ফলাফল আমাদের করতে হবে।”
মেসি আরও বলেন, “আমাদের এখন হাল ছেড়ে দিলে হবে না। প্রতিটি ম্যাচই এখন ফাইনাল ম্যাচ। আমাদের আর ভুল করলে চলবে না।”
মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জিতলেও এখনো আর্জেন্টিনার নকআউট পর্ব নিশ্চিত না। শেষ ম্যাচে জায়গা নিশ্চিত করতে পোল্যান্ডের বিপক্ষে জিততেই হবে মেসিদের।



































