ভারত ম্যাচে বাবরের গোল্ডেন ডাক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২, ০২:১৬ পিএম
ভারত ম্যাচে বাবরের গোল্ডেন ডাক

ভারত-পাকিস্তান ম্যাচে সবসময় উত্তেজনার পারদ থাকে উপরে। এই ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। গোল্ডেন ডাকের শিকার হয়ে ফেরেন তিনি।

রোববার (২৩ অক্টোবর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা প্রমাণে মাত্র ৭ বল সময় নেয় ভারতীয় বোলাররা।

ইনিংসের প্রথম ওভারে ভুবনেশ্বের কুমারের ওভার থেকে মাত্র এক রান নিয়েছিল পাকিস্তান। তাও রানটি এসেছিল অতিরিক্ত খাত থেকে।

দ্বিতীয় ওভারের প্রথম বলেই প্রান্ত বদলে রান করার নেশায় থাকা বাবর আজমকে ফেরান আর্শদ্বীপ সিং। তরুণ এই পেসার পাকিস্তান অধিনায়ককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। তার করা ইয়র্কার ডেলিভারিতে পরাস্ত হয়ে নিজের ফেস করা প্রথম বলেই আউট বাবর আজম।

মেলবোর্নে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর আগে ১৯৮৫ সালে ওয়ার্ল্ড সিরিজে এই মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল।

Link copied!