প্রেসিংয়েই নায়ক আলভারেস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ১২:৪৮ এএম
প্রেসিংয়েই নায়ক আলভারেস

লিওনেল মেসির পর আর্জেন্টিনার আক্রমণভাগে যাকে ঘিরে সবচেয়ে বেশি প্রত্যাশা, তিনি হলেন হুলিয়ান আলভারেস। কাতার বিশ্বকাপে চার গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন ফুটবল বিশ্বে। কিন্তু এবারের আসরে আর্জেন্টাইন এই ‘স্পাইডারম্যান’ যেন এক ধরনের জালে আটকা পড়েছিলেন।

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে আর্সেনালের বিপক্ষে বাঁ পায়ের গোড়ালিতে পাওয়া চোট প্রতিযোগিতা চলাকালীন তাকে ভুগিয়েছে। কিন্তু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টাইন এই স্ট্রাইকার যেন ফিরে এলেন তার পুরোনো ছন্দে।

রাউন্ড অব ১৬-এ বিদায়ের শঙ্কা তৈরি হওয়া বিপজ্জনক এক মুহূর্তে ফিরে আসে আলভারেসের ঝলক। মোহাম্মদ সালাহর ওপর নিখুঁত ট্যাকল করেন তিনি এরপর লাউতারো মার্তিনেসকে বল বাড়িয়ে শুরু করেন সেই আক্রমণ, যা শেষ পর্যন্ত রূপ নেয় তার বন্ধু এনসো ফের্নান্দেসের গোলে। সেই নিখুঁত গোলের সূচনা তার হাত ধরেই।

আলভারেস জানিয়েছেন তারা লড়াই চালিয়ে যেতে বাধ্য ছিলেন কারণ হেরে গেলে বাড়ি ফিরতে হতো, ‘বিশ্বাস রেখেছিলাম বলেই সাফল্য এসেছে। এই ধরনের প্রতিযোগিতায় জেতাটাই আসল কথা, নইলে বিদায় নিতে হতো এবং তা দুঃখজনক হতো। এই পথে এগিয়ে যেতে পারায় আমরা খুশি।‘

আলভারেস আবারও প্রমাণ করেছেন তার অবদান শুধু গোলের মধ্যেই সীমাবদ্ধ নয়। ফিফা ট্রেনিং সেন্টারের পরিসংখ্যান অনুযায়ী, লিওনেল স্কালোনির পরিকল্পিত হাই-প্রেসিং কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি। তার পাঁচটি সরাসরি প্রেস মিশরের বিল্ড-আপ খেলা ভেঙে দিতে ভূমিকা রেখেছিলো।

এছাড়া সতীর্থ লিওনেল মেসিকে নিয়েও নিজের ভাবনা জানিয়েছেন আলভারেস, ‘মেসি আমাদের অধিনায়ক আর এই দুর্দান্ত বিশ্বকাপ যাত্রায় তাকে যতটা সম্ভব কাজে লাগানো, উপভোগ করা এবং সমর্থন দেওয়ার চেষ্টা করছি আমরা।‘
 

Link copied!