সারা বছর গুইলারমো ওচোয়ার তেমন কোন খবর থাকে না। আগ বাড়িয়ে তার খবর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বুদ হয়ে থাকা ভক্তরা নিতেও যান না। কারণ ২৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারের প্রায় পুরোটা মেক্সিকান ক্লাবেই কাটিয়ে দিয়েছেন তিনি। স্পেনের দুই ক্লাবে চুক্তি করলেও প্রত্যাশা মতো এগোয়নি ক্যারিয়ার।
ওচোয়ার খোঁজ পড়ে বিশ্বকাপের মতো আসর আসলেই। ‘মেক্সিকোর জার্সিতে ওচোয়া কি এখনো খেলেন?’- এমন এক বিস্ময় নিয়ে ভক্তরা দলে চোখ বুলালেই ওপরের দিকে পাওয়া যায় তার নাম।
এভাবে বেলায় বেলায় ওচোয়ার ক্যারিয়ারের সায়াহ্ন নেমেছে। ২০০৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ২০০৬ বিশ্বকাপ দিয়ে বৈশ্বিক মঞ্চে আগমণ ঘটেছিল তার। ঘরের মাঠের আসর দিয়ে খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। মধ্যে পেরিয়ে গেছে দেড়শ’ ম্যাচ। বয়স ছুঁয়েছে ৪০।
অবশেষে ওচোয়া দিয়েছেন ফুটবল থেকে অবসরের ঘোষণা। বিশ্বকাপ শেষে তুলে রাখবেন বুট জোড়া, ‘মেক্সিকো জাতীয় দল ছাড়া আমি আমার ক্যারিয়ারকে কল্পনাই করতে পারি না। জাতীয় দলই ছিল আমার জীবন, ক্যারিয়ারের গতি নির্ধারক। জাতীয় দলের সঙ্গে আমার যাত্রা শেষ হয়ে এসেছে। বিশ্বকাপের পর ফুটবল খেলে যাওয়ার কার্যত মানে দেখি না। আমি সবটা দিয়ে ফেলেছি।’
ফুটবলের পুরনো দেশগুলোর একটা মেক্সিকো। সর্বাধিক তিনবার বিশ্বকাপ আয়োজন করা দেশও। কিন্তু অনেক বছর ধরে দেশটি বিশ্বমঞ্চে আলো কাড়ার মতো ফুটবল উপহার দিতে পারে না। তবে বড় এই টুর্নামেন্টে মাঝে মধ্যেই প্রতিপক্ষের জন্য কাজটা কঠিন করে তুলতে দেখা গেছে গোলবারের প্রহরী ওচোয়াকে। এবার তিনিও ছাড়ার ঘোষণা দিলেন।



























