সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে জাতীয় কেন্দ্রীয় ব্যুরো (এনসিবি) বাংলাদেশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এসব তথ্য জানান।
দুদক সূত্র জানায়, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে এনসিবি বাংলাদেশের দুই প্রতিনিধি মঙ্গলবার দুদক কার্যালয়ে যান। সেখানে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তার বিরুদ্ধে চলমান মামলা, গ্রেফতারি পরোয়ানা, আদালতের আদেশ এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আলোচনা হয়।
সেগুনবাগিচায় নিজ অফিসে আকতারুল ইসলাম বলন, বেনজীর আহমেদকে ফেরাতে দুদকের পক্ষ থেকে প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আরব আমিরাতে এ প্রস্তাব পাঠানো হবে।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলাগুলোর তথ্য-উপাত্ত, আদালতের আদেশ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি এনসিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এসব নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশে পাঠানো হবে। বন্দি প্রত্যর্পণ চুক্তি এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতার আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।































