শ্রীলঙ্কার ক্রিকেটারকে ধাক্কা মারলেন সূর্যবংশী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৩:৫৭ পিএম
শ্রীলঙ্কার ক্রিকেটারকে ধাক্কা মারলেন সূর্যবংশী

আইপিএলে ব্যাট হাতে ঝড় তোলা সূর্যবংশী এবার আলোচনায় শ্রীলঙ্কার এক ক্রিকেটারের গায়ে হাত তুলে। গতকাল শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে খেলার সময় এ ঘটনা ঘটিয়েছেন ১৫ বছর বয়সী এই ক্রিকেটার।

ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ম্যাচটিতে ভারত আগে ব্যাট করে তোলে ২৬৫ রান। রান তাড়ায় শ্রীলঙ্কার ইনিংসও থামে ৯ উইকেটে ২৬৫ রানে। এরপর সুপার ওভারে শ্রীলঙ্কার ১৬ রান তাড়া করতে নেমে ভারত করতে পারে ৯ রান।

ভারতের হয়ে সুপার ওভারে ব্যাট করেন সূর্যবংশী ও সূর্যংশ শেড়গে। ৭ রানে সুপার ওভারে হেরে তাঁরা যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তখনই ঘটনার সূত্রপাত। শ্রীলঙ্কা দলের বিশেন হালাম্বাগে ও ওয়ানুজা সাহানকে সূর্যবংশী ও সূর্যংশের উদ্দেশে কিছু বলতে দেখা যায়। ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, হালাম্বাগে সূর্যবংশীর উদ্দেশে নাকি বলেছেন, ‘ম্যাচ শেষ...এবার বাড়ি যাও।’


কথাটা হজম করতে পারেননি সূর্যবংশী। মুখ ঘুরিয়ে পেছনে এসে হালাম্বাগেকে ধাক্কা মেরে বসেন। তাৎক্ষণিকভাবে হাত সরিয়ে দেন হালাম্বাগেও। উইকেটকিপার–ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা তখন পরিস্থিতি শান্ত করেন। তবে মাঠ থেকে বের হওয়ার সময়ও সূর্যবংশীকে হাত নেড়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

এ ঘটনার বিভিন্ন ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ত্রিদেশীয় সিরিজে ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও আফগানিস্তানের ‘এ’ দল খেলছে।

Link copied!