বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৪:২৫ পিএম
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল উপস্থিত ছিলেন।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার জানান, তারা বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চান। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে এবং বাণিজ্যের পরিমাণ বেড়েছে।

এছাড়া সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একাধিক সফর এবং সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদলের পাকিস্তান সফরের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

গত মাসে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সাফল্য সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করে হাইকমিশনার জানান, পাকিস্তান আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করবে। এর মধ্যে ইতিমধ্যে ৭৪ জন শিক্ষার্থী পাকিস্তানে গিয়েছেন। দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধা বিনিময় ও চলমান ‘নলেজ করিডোর’ প্রকল্প সামনের দিনগুলোতে আরও সংহত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পাকিস্তানের হাইকমিশনার সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে একটি সংসদীয় গ্রুপ গঠনের আহ্বান জানান। আলোচনার একপর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ঐতিহাসিক ভূমিকার জন্য পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

Link copied!