‘জাতীয় ঐক্যের’ শর্ত দিলেন নাহিদ ইসলাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০১:১৩ এএম
‘জাতীয় ঐক্যের’ শর্ত দিলেন নাহিদ ইসলাম

নাশকতার মধ্যে প্রধানমন্ত্রী সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে একমঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক দিয়েছেন তার প্রতিক্রিয়ায় কিছু শর্তের কথা বলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ‘জাতীয় ঐক্যের’ প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত।

এক সপ্তাহের সফর শেষে রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ‍্য থেকে দেশে ফিরে বিমানবন্দরে নাহিদ ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হন বলে তার প্রেস অফিস থেকে জানানো হয়। বিকাল ৫টার দিকে তাকে বহন করা বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের ভেতরে-বাইরের গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ঐক্যবদ্ধভাবে ৫ আগস্টের চেতনায় পতিত পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই।

পরদিন বৃহস্পতিবার রাজধানীর মিন্টোরোডে বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সরকারি বাসায় বৈঠক করেন দলটির নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্যের নেতারা।

ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে দেশবিরোধী যেকোনো নৈরাজ্য প্রতিহত করার কথা বলেছে জোট।

দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ তুলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে শনিবার ঢাকায় বিক্ষোভ করে জামায়াত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিরোধে প্রধানমন্ত্রী ঐক্যের যে ডাক দিয়েছেন, তার আগে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার ঢাকা নেমে এনসিপি নেতা নাহিদ ইসলামও কয়েকটি শর্তের কথা বললেন।

তিনি বলেন, আমাদের আহবান থাকবে যে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিকভাবে বিচার তরান্বিত করা। এ যে সামনে আমাদের আসন্ন গঙ্গাচুক্তি, সেখানে নবায়নসহ দেশের এই গুরুত্বপূর্ণ যে মৌলিক ইস্যুগুলা আছে এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, এই মৌলিক ইস্যুগুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হয়, তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে।

সংবিধান সংশোধন কমিটি ভেঙে দেওয়ার কথা তুলে ধরে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, এ পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলো কাছে মেসেজ যাবে যে তারা (সরকার) আসলেই জাতীয় ঐক্যমত চাচ্ছে। আর না হলে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চাবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য। জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে। এই ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণ করবে না।

তার মতে, শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্য নয় বরং জনগণের মধ্যে যে ঐক্য, সামাজিক-রাজনৈতিক নানান শক্তির মধ্যে যে ঐক্য জুলাই গণঅভ্যুত্থানে ছিল, সেই ঐক্যই কেবল ফ‍্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে পারবে।

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ এনসিপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা।

Link copied!