সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে বেশি উচ্চতার ‘আরামকো টাওয়ারে’ ইয়েমেনি গোষ্ঠী হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়, রিয়াদে বাদশা আব্দুল্লাহ বাণিজ্যিক এলাকার একটি টাওয়ার লক্ষ্য করে হুতি মিলিশিয়াদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।
৭ নভেম্বর রিয়াদের বাণিজ্যিক এলাকার ওই টাওয়ারকে লক্ষ্যবস্তু করার কথা জানায় হুতি গোষ্ঠীর মুখপত্র সাবা নিউজ এজেন্সি। তবে তারা ‘আরামকো টাওয়ারের’ নাম বলেনি।
বৃহস্পতিবার ওই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে শুরুতে ওই হামলায় ‘সামান্য ক্ষতি’ হওয়ার কথা বলেছিল সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। কেউ হতাহত হয়নি বলেও জানায় তারা।
তবে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ৮ নভেম্বর বিবিসি ভেরিফাই বলেছে, হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর ওই ভবনটি বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে।
একটি তলায় ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাত লেগেছে খুব বাজেভাবে। ওই টাওয়ারের কয়েকটি তলার জানালা ভেঙ্গে যেতে দেখার কথাও লিখেছে বিবিসি।
ওই ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকার বলেছে, “বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোতে এই ধরনের হামলাকে অগ্রহণযোগ্য এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি ভয়াবহ হুমকি বলে মনে করে বাংলাদেশ। উত্তেজনা কমানোর উদ্যোগগুলোকে ক্ষুণ্ন করে এ ধরনের হামলা।”
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের সরকার ও ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ এবং দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে সমর্থন পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ।
পরিস্থিতির অবনতি ঠেকাতে এ ধরনের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বানও বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ সরকার।













