কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১১:০১ এএম
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রচণ্ড বৃষ্টির মধ্যে শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে সরকারপ্রধান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তার স্ত্রী হাসিনা আহমদ। এসময় উপস্থিত ছিলেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম।


বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সড়কপথে যাবেন পিএমখালী ইউনিয়নে পাতিলী খাল পুনঃখনন কর্মসূচির অনুষ্ঠানস্থলে। এরপর সেখানে তিনি একটি সমাবেশে বক্তব্য রাখবেন।

কর্মসূচি

সকালে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন তিনি। তারপরে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকালে চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান করবেন সরকারপ্রধান।

এরপর মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত পরিদর্শন এবং সন্ধ্যায় লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগদান করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচি শেষে আকাশপথে ঢাকায় ফিরবেন তিনি।

দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পরে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তারেক রহমানের এটিই প্রথম কক্সবাজার সফর।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!