রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আতাউর রহমান শামীম (৬৬) নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী মারা গেছেন।
শুক্রবার (১ মার্চ) ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, নিহত শামীমের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর গ্রামে। বৃহস্পতিবার আতাউর রহমান শামীম বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে গিয়েছিলেন।
এদিকে বেইলি রোডে বহুতল ভবনে লাগা আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৩৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নেভানোর পর হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
রাত দুইটার দিকে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানিয়েছিলেন, এ ঘটনায় ৪৩ জন নিহত হয়েছেন। তাদের মরদেহ এই দুই হাসপাতালে আছে। এর বাইরে আরও মৃত ব্যক্তি থাকতে পারে।
এ ঘটনায় গুরুতর আহত ৮ জন বার্ন ইনস্টিটিউটে এবং ১৪ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। তিনি বলেন, তাদের সবার অবস্থাও আশঙ্কাজনক।


































