ব্যাংকক নেওয়া হচ্ছে রওশনকে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০৪:২৭ পিএম
ব্যাংকক নেওয়া হচ্ছে রওশনকে
ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হচ্ছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে।

শুক্রবার (৫ নভেম্বর) রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে রাহগিব মাহি সাদ এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। 
আজ (শুক্রবার) বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল চিকিৎসা নেবেন রওশন। এ সময় তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

এর আগে গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন এই রাজনীতিবিদ।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। সংসদে গত দুই মেয়াদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন তিনি। 

এর আগে ২৩ মে টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন রওশন এরশাদ। দ্বিতীয় দফায় গত ১৪ আগস্ট থেকে টানা ৭০ দিনের মতো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

Link copied!