আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “দেশের মানুষ দেখতে চায়, পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক। তারপর দেখা যাবে বিএনপির মরা গাঙে ঢেউ আসে কি না।”
বৃহস্পতিবার (৪ নভেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
এ সময় তারেক জিয়া দেশে কবে আসবে?- এমন প্রশ্ন রেখে বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “এই বছর না ওই বছর। দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না।”
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “কয়েক বছর ধরে দেশে গণ-অভ্যুত্থান, মুক্ত খালেদার চেয়ে বন্দি খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এসব বক্তব্যে কী হয়েছে, দেশের জনগণ তা দেখেছে। আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না। এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।”
পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী টাঙ্গাইলের ভাতকুড়া (করোটিয়া)-বাসাইল-সখিপুর সড়কের প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।


























