রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় রিকশা থামিয়ে আয়েশা সিদ্দিকা (২২) নামের এক গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
শুক্রবার (২৯ অক্টোবর) নবোদয় হাউজিং বাজারের পাশে এ ঘটনা ঘটে। আহত ওই নারী মোহাম্মদপুরের সাইনেস্ট গ্রুপ পোশাক কারখানায় কাজ করেন।
আহত আয়েশা বলেন, “আমি সকাল বাসা থেকে রিকশায় করে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় গার্মেন্টসে যাওয়ার জন্য বের হয়। পরে নবোদয় হাউজিং বাজার এলাকায় এলে দুই যুবক আমাকে রিকশা থেকে নামিয়ে মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নেওয়া চেষ্টা করে। আমি বাধা দিতে চাইলে তারা আমার পিঠে ও হাতে ছুরিকাঘাত করে। এ সময় আমি চিৎকার করলে আশপাশের লোকজনকে আসতে দেখে তারা পালিয়ে যায়।”
পরে আমাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসে স্থানীয়রা বলেন আয়েশা।
আহত আয়েশার বাড়ি দিনাজপুরে। তিনি নবীনগর হাউজিং এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান।
এএসআই আব্দুল্লাহ খান বলেন, “আজ সকালে আদাবর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত এক নারীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এ সময় তার পিঠে ও হাতে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আমরা বিষয়টি আদাবর থানাকে জানিয়েছি।”
বর্তমানে আহত ওই নারী ওয়ার্ডে ভর্তি আছেন বলে জানান তিনি।





























