বার্ধক্যজনিত নানা রোগে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে রওশন এরশাদ রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে জি এম কাদের এ তথ্য জানান।
মহান আল্লাহর কাছে বিরোধীদলীয় নেতার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জাপা চেয়ারম্যান।
১৭ আগস্ট বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান জানিয়েছিলেন, ৭৮ বছর বয়সী রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তাকে গত বছরের মার্চের পর কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। ধীরে ধীরে অক্সিজেন লেভেলও কমতে শুরু করলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেওয়া হয়।
পার্টি সূত্রে জানা যায়, হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেওয়া হয়।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন। এরশাদের মৃত্যুর পর ছেলে রাহগির আল মাহি সাদ রংপুর-৩ আসন থেকে উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
































