‘সাম্প্রদায়িক হামলায় জড়িত সবাই চিহ্নিত’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৮:৫৬ পিএম
‘সাম্প্রদায়িক হামলায় জড়িত সবাই চিহ্নিত’
ছবি: সংগৃহীত

সম্প্রতি দুর্গাপূজায় কোরআন অবমাননার অভিযোগে দেশে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

শনিবার (২৩ অক্টোবর) তেজগাঁও কলেজের মিলনায়তনে ঢাকা পশ্চিম অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “সবাইকে চিহ্নিত করে ফেলেছি। তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। কেন এই কাণ্ড ঘটিয়েছে সব কিছু আপনাদের জানাতে সক্ষম হবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে এই ধরনের কাজ কেউ যেন না করতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হবে।”

মন্ত্রী বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক দেশ। যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশের, সবাই বাঙালি, আমরা একত্রিত। যুদ্ধের সময় অনেক হিন্দু ভাই আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন। আমরা যুদ্ধের পরে সে কথা কেন ভুলে যাব। সবাই মিলেই আমরা বাংলাদেশ।”

মন্ত্রী আরও বলেন, “যারা এই ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী যারা চিহ্নিত হয়েছেন তাদের ব্যবস্থা হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ না করে সেই ব্যবস্থা করা হবে।”

এছাড়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। এ সময় ঢাকা পশ্চিম অঞ্চলের বিভিন্ন ইউনিট ও উপজেলা কমান্ডাররা উপস্থিত ছিলেন।

Link copied!