সাম্প্রদায়িক হামলার দায় বিএনপির: কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৩:৪০ পিএম
সাম্প্রদায়িক হামলার দায় বিএনপির: কাদের

দুর্গাপূজায় দেশের বিভিন্ন পূজামণ্ডপে ও পূজার পর সাম্প্রদায়িক হামলার জন্য বিএনপি ও তার মিত্রদের দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২০ অক্টোবর) ওবায়দুল কাদের তার নিজ বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

বিএনপির রাজনীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “এদের চরিত্র হচ্ছে- মুখে শেখ ফরিদ, বগলে ইট, তাদের কথায় পুষ্পবৃষ্টি হলেও অন্তর কদর্যে ভরা।”

বিএনপি মিথ্যাচারকে শিল্পে রূপ দিয়েছেন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সাম্প্রদায়িক হামলায় নাকি সরকার জড়িত! আসলে ভিডিও ফুটেজে থলের বিড়াল বেরিয়ে আসছে দেখে তারা একচোখা দৈত্যের আচরণ শুরু করেছে।বিএনপি নিজেরাই রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক।”

বিএনপি সংখ্যালঘুদের শত্রু মনে করে উল্লেখ করে কাদের বলেন, “তাদের ধারণা পূজামণ্ডপে হামলা করলে সরকারের উপর হিন্দু সম্প্রদায়ের অনাস্থা বাড়বে আর ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান বন্ধুত্ব নষ্ট হবে।

২০০১ সালে ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের উপর বিএনপির নির্মমতা ৭১-কেও হার মানিয়েছিল মনে করে ওবায়দুল কাদের বলেন, “এখনও তারা সাম্প্রদায়িক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। তারা ভেবেছে মসজিদগুলো মন্দির হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি হবে, এসব অপপ্রচার বিএনপি অতীতেও চালিয়েছে।”

এদিকে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন ও ওফাত দিবস।

মুসলিম উম্মাহর জন্য দিনটি পবিত্র এবং মহিমান্বিত জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার মহানবীর যে অমরবাণী সেটা অক্ষরে অক্ষরে পালনের জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের উদাত্ত আহ্বান জানান।

আজ প্রবারণা পূর্ণিমা। সেই সঙ্গে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।


 

Link copied!