অল্পের জন্য বেঁচে গেলেন আতিকুর রহমান মোজাহিদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৮:৪৬ পিএম
অল্পের জন্য বেঁচে গেলেন আতিকুর রহমান মোজাহিদ

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদকে বহনকারী মাইক্রোবাস ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে।
এ দুর্ঘটনায় সংসদ সদস্য ‘সামান্য’ আহত হলেও তার গাড়ির চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
আহতরা হলেন- মাইক্রেবাসের চালক আবুল কালাম আজাদ (৪০) ও সংসদ সদস্য আতিক মোজাহিদের সহযাত্রী ইকরাম হোসেন (২৫)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতিক মোজাহিদের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন বলেন, “বর্তমানে সংসদ সদস্য নিজ বাসায় সুস্থ আছেন। গুরুতর আহত দুজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।”
তিনি বলেন, “সংসদ সদস্য সুস্থ আছেন বলে জানিয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। ইফতারের পর তিনি হাসপাতালে চিকিৎসা নেবেন।”
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যকে বহনকারী ভাড়ায় চালিত মাইক্রোবাসটি রংপুরের কাউনিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয়।
এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায় এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলের প্রধান রাশেদুজ্জামান তাওহীদ বলেন, “অনিরাপদ সড়ক ও বেপরোয়া যান চলাচলের ফলে এমনটা হয়েছে।”
তিনি গুজব না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানান এবং সংসদ সদস্যের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
এ বিষয়ে ওসি জাহাঙ্গীর আলম বলেন, “আহত দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর সংসদ সদস্য নিজ বাড়িতে সুস্থ আছেন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!