ঈদযাত্রায় গাজীপুর মহাসড়কে চাপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০১:১১ পিএম
ঈদযাত্রায় গাজীপুর মহাসড়কে চাপ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বজন, পরিজন নিয়ে দলে দলে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষেরা। এতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।
যানজট নিরসনে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করলেও কয়েকটি পয়েন্টে গাড়ির ধীর গতি রয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশের পরিদর্শক সওগাত আলম বলেন, ‘‘সোমবার তৈরি পোশাক কারখানা ছুটি হওয়ার পর রাত থেকেই শ্রমিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গাজীপুর ছাড়ছেন। ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন ও ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার ভোর চারটা পর্যন্ত চলে ওই ভিড়। পরে কিছুটা কমলেও সকাল থেকেই আবার চাপ বাড়তে শুরু করেছে।’’
তিনি আরও বলেন, “মঙ্গলবার দুপুরের পর অধিকাংশ পোশাক কারখানা ছুটি হবে। তখন আবার মহাসড়কে গাড়ি ও মানুষের চাপ বাড়বে। তবে কারখানাগুলি ধাপে ধাপে ছুটি হওয়ার কারণে এবার তীব্র যানজট ও ভোগান্তি হবে না। ”
এছাড়া ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের বাড়তি প্রস্তুতি রয়েছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানান তিনি।
মঙ্গলবার সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেইট ও চান্দনা চৌরাস্তায় গাড়ি ধীরগতিতে চলছে।
এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশেপাশের এলাকায় বেড়েছে যানবাহনের চাপ। এতে নবীনগর চন্দ্রা মহাসড়কের ওয়ালটন কারখানা থেকে চন্দ্রা ও আশেপাশের এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে।
এর মধ্যে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় পশ্চিম পাশে এবং ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় রাস্তার উপর বেশ কিছু খালি বাস দীর্ঘ সারি করে পার্কিং করে রাখতে দেখা গেছে। এতে রাস্তা সংকুচিত হয়ে পড়ায় যাত্রীবাহী বাসসহ অন্যান্য পরিবহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
এছাড়া শুক্রবার সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকাগামী যানবাহন চলাচলের জন্যে একটি ফ্লাইওয়েটি উন্মুক্ত করে দেয়া হয়েছিল। কিন্তু সোমবার রাত থেকে সংস্কার কাজের জন্য ফ্লাইওয়েটি বন্ধ করে দেয়ায় চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকাগামী যানবাহনের চাপ বেড়ে যায়।
তবে মঙ্গলবার দুপুরের মধ্যেই মেরামত কাজ সম্পন্ন হলে ঢাকাগামী ফ্লাইওয়েটি ফের খুলে দেওয়া হবে বলেন গাজীপুর মহানগর পুলিশ (ট্রাফিক) এডিসি অমৃত সূত্রধর।

সূত্র: বিডি নিউজ

Link copied!