‘দুর্যোগ মোকাবেলায় সরকার সব ব্যবস্থা নিয়েছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০১:৩৮ পিএম
‘দুর্যোগ মোকাবেলায় সরকার সব ব্যবস্থা নিয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ মোকাবিলায় আমাদের সরকার সব ব্যবস্থা নিয়েছে, অন্য কোনো সরকার এগুলোর দিকে নজর দেয়নি। যতটুকু উদ্যোগ আমরা নিয়েছি, এগুলো জাতির পিতাই শিখিয়ে গেছেন।

বুধবার (১৩ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৫০ বছর পূর্তি এবং আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সিপিপির চারটি ইউনিট উদ্বোধন করেন শেখ হাসিনা। 

শেখ হাসিনা বলেন, “আমাদের ভৌগোলিক অবস্থাই এমন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই চলতে হয়। এজন্য সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি দুর্যোগের ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে।”  

প্রধানমন্ত্রী আরো বলেন, “ভবনসহ স্থাপনা করার সময় নিয়ম মেনে করতে হবে। আগুন লাগলে, ভূমিকম্প হলে যাতে উদ্ধার কাজসহ অন্যান্য কাজগুলো করা যায়। দুর্যোগ মোকাবিলায় আমাদের সরকার সব ব্যবস্থা নিয়েছে, অন্য কোনো সরকার এগুলোর দিকে নজর দেয়নি। যতটুকু উদ্যোগ আমরা নিয়েছি, এগুলো জাতির পিতাই শিখিয়ে গেছেন।”

শেখ হাসিনা বলেন, “এখন ঝুঁকি মোকাবিলায় আমরা বিশ্বের আদর্শ দেশ। এই মর্যাদা যেনো ধরে রাখতে পারি। আমাদের যেন শুনতে না হয়, যত মানুষ মরার কথা ছিল, তত মানুষ মারা যায়নি। আমরা মনে করি, এই দেশ আমাদের। যত ঝুঁকি আসুক, উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে।”

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস। স্বাগত বক্তব্য রাখবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!