রাজারবাগ পীরের সম্পদের উৎস জানতে চান হাইকোর্ট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৫:২২ পিএম
রাজারবাগ পীরের সম্পদের উৎস জানতে চান হাইকোর্ট

রাজারবাগের ‘পীর’ দিল্লুর রহমান ও তার প্রতিষ্ঠানগুলোর নামে দেশের বিভিন্ন স্থানে যেসব সম্পত্তি রয়েছে, সেগুলোর উৎস সম্পর্কে খোঁজ নিয়ে জানাতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে ধর্মের নামে সাধারণ মানুষকে ধোঁকা ও প্রতারণা বন্ধে ‘রাজারবাগ পীরে’র সব আস্তানা বন্ধের নির্দেশ দেন আদালত।

পাশাপাশি ‘পীর’ ও তার পৃষ্ঠপোষকতায় ‘উলামা আঞ্জুমান বাইয়্যিনাত’ অথবা ভিন্ন কোনো নামে কোনো জঙ্গি সংগঠন আছে কি না, সে বিষয়েও খোঁজ নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া এ-সংক্রান্ত আদেশের লিখিত অনুলিপি সোমবার প্রকাশ করা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‍“রাজারবাগ দরবারের ‘পীর’ দিল্লুর রহমান ও তার দরবারের সব সম্পত্তির হিসাব চেয়ে গত ১৯ সেপ্টেম্বর আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ দরবারের ‘পীরে’র অনুসারীদের করা (রিটে উল্লেখ করা আটটি) মামলা তদন্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে মামলার বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে সিআইডিকে। 
এছাড়া আদালত রিট আবেদনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেও বলেছিলেন। ওই দিনের দেওয়া মৌখিক আদেশের লিখিত অনুলিপি প্রকাশ করা হয়েছে সোমবার (৪ অক্টোবর)। আমরা সে আদেশের সার্টিফায়েড কপি হাতে পেয়েছি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!