চিত্রনায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডে পাঠানোর ঘটনায় দুই বিচারক দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলামকে আবারও লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ সময় দেন।
আদালতে বিচারকদের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আব্দুল আলিম মিয়া জুয়েল।
এর আগে ১৫ সেপ্টেম্বর এ বিষয়ে ব্যাখ্যা দেন দুই বিচারক, কিন্তু ব্যাখ্যায় সন্তুষ্ট হননি হাইকোর্ট। উল্টো ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টির ওপর আবার শুনানির জন্য ২৯ সেপ্টেম্বর সময় রাখা হয়।
আদালতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘বিচারকরা ট্রেনিংয়ে থাকার কারণে ওই দিন যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি। দুজনই অল্পবয়সী অফিসার। যথাযথ প্রশিক্ষণের অভাবে তারা সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেননি। তারা এজন্য ক্ষমা প্রার্থনা করেছেন।’
এরপর আদালত বলেন, ‘তাহলে তারা আবারও ব্যাখ্যা দিক। সে জন্য ২৪ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করা হলো।’
এর আগে পরীমনিকে বারবার রিমান্ডে পাঠানোর সিদ্ধান্ত ‘ভুলবশত’ হয়েছে বলে প্রথম দফার ব্যাখ্যায় জানান বিচারিক আদালতের হাকিম দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম।
তাতে অসন্তুষ্টি প্রকাশ করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, ‘দুই বিচারক যে ব্যাখ্যা দিয়েছেন, তা সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং আমাদের প্রচলিত আইনের বিরুদ্ধে। দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডের বিষয়ে তারা যে ব্যাখ্যা দিয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই।’
































