মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এ উপলক্ষে গণটিকা কার্যক্রমের আওতায় এক দিনে ৮০ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
রোববার (২৬ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, মঙ্গলবার থেকে ফের গণটিকাদান কর্মসূচি শুরু হবে। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ মানুষকে প্রথম ডোজ করোনার টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “আপাতত এক সপ্তাহের জন্য এই ক্যাম্পেইন চলবে। এই কার্যক্রমের বাকি দিনগুলোতে দৈনিক ৬ লাখ ডোজ টিকা প্রদান করা হবে।”
এই গণটিকা কার্যক্রমের আওতায়, দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন পরিষদ, এক হাজার ৫৪ পৌরসভায় প্রায় ৩২ হাজার স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নেবেন।
২৮ তারিখ সকাল ৯টা থেকে বিশেষ টিকা কার্যক্রম শুরু হবে। প্রতিটি ইউনিয়নে এ উপলক্ষে টিকা প্রদানের বুথ স্থাপন করা হয়েছে। চল্লিশোর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী এবং প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের এই কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হবে। সিটি করপোরেশন এলাকায় ২৫ বছরের বেশি বয়সী যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন, তাদেরও গণটিকার আওতায় টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, যারা নিবন্ধন করে খুদে বার্তা পাননি, তারা এই কার্যক্রমে অগ্রাধিকার পাবেন। এই কার্যক্রমে শুধু প্রথম ডোজের টিকার দেওয়া হবে। অন্তঃসত্ত্বা নারী ও দুগ্ধদানকারী মায়েরা এই কার্যক্রমে টিকা পাবেন না। টিকা নিবন্ধন কার্ড, জাতীয় পরিচয়পত্র নিয়ে এলেও টিকা নেওয়া যাবে।
টিকা পেতে যে কেন্দ্রে নিবন্ধন করেছেন, সে কেন্দ্রেই টিকা নিতে হবে। ২৮ সেপ্টেম্বরের আগেই টিকার জন্য মোবাইলে বার্তা চলে যাবে। এর আগে গণটিকায় ৪৫ লাখ টিকা দেওয়া হয়েছিল, এবার আরও বড় পরিসরে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।





























