সংসদীয় কমিটির ২১তম সভার করা সুপারিশ বাস্তবায়নে সাভার ট্যানারি কমপ্লেক্স বন্ধে উদ্যোগ নিচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
সাভার ট্যানারি কমপ্লেক্স কেন বন্ধ করা হবে না, ২০ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিসিক) মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।
এর আগে ৯ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল বলেন, “আমরা সংসদীয় কমিটির করা সুপারিশ বাস্তবায়নে কাজ করছি। এই উদ্যোগের অংশ হিসেবে বিসিককে চিঠি দেওয়া হয়েছে।”
এদিকে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৩ আগস্ট সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত ২১তম বৈঠকের কার্য বিবরণীর ১৪ (ছ) নং সিদ্ধান্ত অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না করায় জরুরিভিত্তিতে সংশ্লিষ্ট আইনের ধারা অনুযায়ী শিল্প মন্ত্রণালয় ও বিসিক কর্তৃক পরিচালিত ট্যানারি কমপ্লেক্স বন্ধ করার সুপারিশ করা হয়। ভবিষ্যতে আইনের ধারা অনুযায়ী কমপ্লেক্সটি পরিচালিত হলে পুনরায় চালু করার বিষয় বিবেচনা করা যেতে পারে।
এছাড়া বন্ধের আগ পর্যন্ত জরিমানার মাধ্যমে সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের সুপারিশও করা হয়।
































