রাজধানীর কামরাঙ্গীরচরে সানোয়ার হোসেন (১৬) নামের এক কিশোরকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ছোট মসজিদ এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। এ বিষয়ে কিশোরের বাবা ওমর চান হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন।
নিহতের স্বজনরা জানান, সানোয়ার তার বাবার মাস্কের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। কারও সঙ্গে তার দ্বন্দ্ব ছিল না। কিন্তু সন্ধ্যায় নিহতের বাবা জানতে পারেন দুর্বৃত্তরা সানোয়ারকে মেরে রাস্তায় ফেলে রেখেছে। খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, কিশোরের শরীরে একাধিক জায়গায় ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।






























