বিএনপির রাজনৈতিক কর্মসূচি অন্তঃসারশূন্য হাঁকডাক ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব এ কথা বলেন।
বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ মোটেও উদ্বিগ্ন নয় জানিয়ে হাছান মাহমুদ বলেন, “যেকোনো নৈরাজ্য মোকাবিলায় সতর্ক অবস্থানে আছে দল।”
তথ্যমন্ত্রী বলেন, “সোমবার (১৬ জানুয়ারি) বিএনপি ও তাদের সমমনা দলগুলো ঢাকা শহরে অবস্থান কর্মসূচি পালন করেছে। এটিকে সামনে রেখে তারা গত কয়েক দিন ধরে অনেক হাঁকডাক দিয়েছে। আপনারা জানেন যে,হাঁস ডিম পাড়ার আগে কিন্তু অনেক হাঁকডাক দেয় এবং শেষে একটা ডিম পাড়ে। বিএনপিও ঠিক সে রকম গতকালের কর্মসূচি নিয়ে অনেক হাঁকডাক দিয়েছে এবং শেষে দেখা গেল ৫২ দলের সব নেতা-কর্মী মিলে কয়েক শ মানুষ। আর বিএনপির সমাবেশে কয়েক হাজার মানুষ।”
খালি কলসি যে বেশি বাজে, বিএনপির হাঁকডাকটাও ছিল ঠিক সে রকম বলে উল্লেখ করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, “বিএনপি নেতারা যেভাবে বক্তব্য রেখেছেন, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বাস্তবতা হচ্ছে, তাদের কালকের সমাবেশ দেখে এটিই প্রতীয়মান হয়- জনগণ তো দূরের কথা, বিএনপির কর্মীরাও সবাই সেখানে অংশগ্রহণ করেনি।”
দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা মানুষ এনেছে, তারপরও নয়াপল্টনের সামনের সমাবেশে আশানুরূপ লোক হয়নি বলে দাবি করেন তিনি।
আগামী ২৫ জানুয়ারি বিএনপির নতুন কর্মসূচির বিষয়ে তিনি বলেন, “আমরা যেমন ১১ তারিখ ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে সতর্ক পাহারায় ছিলাম, ১৬ তারিখে ছিলাম এবং আগামীতেও থাকব।”
তারা (বিএনপি) যদি কোনো বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালায়, জনগণকে সঙ্গে নিয়ে সেটি প্রতিহত করা হবে মন্তব্য তিনি আরও বলেন, “দেশে কাউকে শান্তি, স্থিতি, শৃঙ্খলা এবং জনজীবনে নিরাপত্তা বিঘ্নিত করতে দেওয়া হবে না।”
এদিকে বিভিন্ন দাবিতে ২৫ জানুয়ারি আবারও রাজনৈতিক কর্মসূচি দিয়েছে বিএনপি। তবে বরাবরের মতো এবারও রাজপথে প্রস্তুত আওয়ামী লীগ বলে জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান।
বিএনপির কর্মসূচি নিয়ে আব্দুর রহমান রাজধানীর পরীবাগে নিজ বাসায় বলেন, “তত্ত্বাবধায়ক সরকার বা সরকার পতনের দাবিতে বিএনপি যতই আন্দোলন করুক, তা সফল হবে না। জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।”
বিএনপি জনবিচ্ছিন্ন দল উল্লেখ করে তিনি আরও বলেন, “তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি আর কখনোই পূরণ হওয়ার নয়।”

































