নানা কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ছাত্রলীগ


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৭:৪৫ পিএম
নানা কর্মসূচিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল ছাত্রলীগ

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বছরব্যাপী হাতে নেওয়া নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সব সাংগঠনিক কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৮টায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।

সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপর বিকাল ৩টায় ঢাবির টিএসসিতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো এনামুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এনামুর রহমান বলেন, “আমি ছাত্রলীগকে তাদের কর্মের জন্য ভালোবাসি। যখন কৃষকের ধান কাটার লোক থাকে না, তখন ছাত্রলীগ তাদের ধান কেটে দেন। দুর্যোগ দুর্বিপাকে ছাত্রলীগ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়।”

তিনি আরও বলেন, “সিলেট ও সুনামগঞ্জের বন্যায় ছাত্রলীগ যেভাবে বন্যার্ত মানুষের পাশে থেকে সাহায্য-সহযোগিতা করেছে। দেশের মানুষ ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে প্রশংসা করেছে।”

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ বক্তব্য দেন।

Link copied!