দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে উত্থাপিত প্রশ্নোত্তরে কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জাহিদ মালেক বলেন, “অগ্নিদগ্ধ রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সরকার দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে।”
ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জানান, দেশের ৩৮টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি ও ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৬৫৪টি আসন রয়েছে।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঔষধ প্রশাসন অধিদফতরে অনুমোদিত বর্তমানে পদ সংখ্যা ৭২০ জন। অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত জনবলের সংখ্যা ৩৭০ জন।





























