হারুনের আসনেও ভোট ১ ফেব্রুয়ারি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০৬:৫৪ পিএম
হারুনের আসনেও ভোট ১ ফেব্রুয়ারি

বিএনপি নেতা হারুনুর রশীদের সংসদীয় আসন চাপাইনবাবগঞ্জ-৩-এ ভোটের আয়োজন করা হয়েছে আগামী ১ ফেব্রুয়ারি।

সোমবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত তফসিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর ফলে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া ছয় আসনেই একই দিনে ভোট হবে। সব আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

এর আগে বাকি পাাঁচ আসনের তফসিল ঘোষণা করে ইসি। ছয়টি আসনে ভোট শেষে সংরক্ষিত আসনের তফসিল ঘোষণা করবে সাংবিধানিক এ সংস্থা। এসব ভোটে সিসিটিভি ক্যামেরা থাকবে না বলে জানিয়েছেন একাধিক কমিশনার।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৫ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি।

এর আগে ২২ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিনের কাছে সশরীরে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দেন বিএনপির এমপি হারুনুর রশীদ। ওইদিনই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা জানান বিএনপির সাত এমপি। তারা হলেন আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জি এম সিরাজ (বগুড়া-৭), আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।

পরদিন ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন বিএনপির ছয় এমপি। সেদিন বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও এমপি হারুন বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার।

গত ১৮ ডিসেম্বর সংরক্ষিত নারী আসন-৫০ ছাড়া অন্য পাঁচটি (ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২) আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

Link copied!