জেলহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে পলাতক, তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে নাজিমুদ্দীন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জেলহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে আছে, তাদের আমরা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তাদের দেশে ফিরিয়ে এনে রায় অনুযায়ী সাজা কার্যকর করা হবে।”
আসাদুজ্জামান খান আরও বলেন, “হত্যার পেছনের কুশীলবদের তালিকা শিগগিরই জাতি জানতে পারবে।”
জেলহত্যা দিবসে সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যার শিকার জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।































