রাজধানীর লালবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় সামিয়ান নামে ৪ বছরের এক শিশু নিহত হয়েছেন।
রোববার (২২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে লালবাগ কেল্লার মোড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিয়ানের বাবা আরমান হোসেন পেশায় রিকশাচালক। শিশুটির মা আসমা গৃহকর্মী। তারা লালবাগ কেল্লার মোড় বাজার এলাকায় থাকেন।
শিশুটির পরিবার জানায়, রাতে ছেলে সামিয়ানকে নিয়ে দুধ কিনতে বের হন আসমা বেগম। মোড় বাজারে যাওয়ার পরে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সামিয়ান। এ সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ আগস্ট) ভোররাত ৪টার দিকে শিশুটির মৃত্যু হয়।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) বিনয় কুমার রায় জানান, ঘাতক ট্রাকটির চালক মো. নীরবকে আটক করা হয়েছে।
শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই।


































