বিক্রেতা সেজে ফাঁকা বাসা টার্গেট করত চক্রটি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২২, ০১:৪১ পিএম
বিক্রেতা সেজে ফাঁকা বাসা টার্গেট করত চক্রটি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের কলাবাগান থানার একটি টিম অভিযান চালিয়ে সংঘবদ্ধ গ্রিল কাটা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, চক্রটি ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডাব/সবজি/ফল বিক্রেতা সেজে ফাঁকা বাসা টার্গেট করে রাতে গ্রিল কেটে চুরি করে।

গ্রেপ্তাররা হলেন মো. সোহেল (৪০), মো. ফরহাদ (৩০), মো. ইলিয়াচ শেখ (৩০) ও মো. আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ার (৩৩)। সোমবার (১২ সেপ্টেম্বর) কলাবাগান ও আদাবর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ১১১ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন, ৩ ভরি চোরাই স্বর্ণ ও স্বর্ণ বিক্রির ৮৫ হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

ডিসি মো. শহিদুল্লাহ বলেন, আগস্ট মাসের ২০ তারিখ রাত ১টা থেকে ভোর ৫টা ৩০ মিনিটের মধ্যে কলাবাগান থানার লেক সার্কাস ডলফিন গলির একটি বাসার দ্বিতীয় তলায় গ্রিল কেটে চোরেরা ৭২ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

মামলাটি দায়ের হওয়ার পর কলাবাগান থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনারের (নিউমার্কেট জোন) নেতৃত্বে চোরাই মালামাল উদ্ধার ও চোর চক্রকে গ্রেপ্তারের জন্য তৎপর থাকে। তারই ধারাবাহিকতায় কলাবাগান থানা ও রাজধানীর আশপাশের ৫০০ অধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের শনাক্ত করা হয়। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত করে কলাবাগান থানার ডলফিন গলির থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ডিসি বলেন, চক্রটি অস্ত্র কেনাবেচা, চুরি, দস্যুতাসহ বড় ধরনের অপরাধের উদ্দেশ্যে অস্ত্র তাদের হেফাজতে রেখেছে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির কলাবাগান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!