মা ও মেয়েকে ভারতে পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ আগস্ট) কারওয়ান বাজারস্থ র্যাবের মিডিয়া সেন্টারে সংস্থাটির লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন জানান, চলতি বছরের জানুয়ারিতে মিরপুর ১২ নম্বর শাহ পরান ক্যাম্পের তরুণী খুশিকে বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে কাল্লু-সোহাগের পাচার চক্র। ঘটনার কিছুদিন পর একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে খুশি তার মাকে জানায় সে ভারতে আছে। সে তার মায়ের কাছে বাঁচার আকুতি জানায়। উপায় না দেখে মেয়েকে বাঁচাতে মা নিজেই বিক্রি হয়ে যান পাচারকারী চক্রের কাছে।
র্যাব আরো জানায়, পাচারকারী চক্রের সদস্য কাল্লুর সহযোগিতায় তিনি ভারত যান। ভারতের কিশোরগঞ্জের পাঞ্জিপাড়ার একটি পতিতা পল্লী থেকে মেয়ে খুশিকে উদ্ধার করে কয়েক মাস পর তিনি বাংলাদেশে আসেন। বিষয়টি নজর আসলে র্যাব অনুসন্ধানে নামে। অনুসন্ধান শেষে রোববার (১৫ আগস্ট) মধ্যরাতে রাজধানীর পল্লবী, সাতক্ষীরা ও মাদারীপুরের শিবচর এলাকায় অভিযান চালিয়ে মো. কালু, মো. সোহাগ ও মো. বিল্লাল হোসেন নামের ৩ পাচারকারীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, চক্রটি ঢাকার মিরপুর, তেজগাঁও, গাজীপুরসহ বেশ কয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

























