বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সারা দিন রাজধানীতে রয়েছে নানা আয়োজন। এসব কর্মসূচিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ দেশি-বিদেশি অতিথিরা অংশ নেবেন। দিনভর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
ডিএমপির ট্রাফিকের পক্ষ থেকে বলা হয়েছে, ডাইভারশন এলাকায় ঘোষিত নির্ধারিত সময়ে অনুষ্ঠানে আসা স্টিকার লাগানো গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলাচল করতে পারবে না। তবে অ্যাম্বুলেন্সের মতো জরুরি যান চলাচল করতে পারবে। পাশাপাশি ডাইভারশন এলাকায় যাদের বাড়ি রয়েছে, তাদের জরুরি প্রয়োজন ছাড়া না বের না হওয়ার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ থেকে অনুরোধ করা হয়েছে।
যেসব পয়েন্টে ডাইভারশন থাকবে
সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, লাভ রোড ক্রসিং (পূর্ব প্রান্ত), মহাখালী ক্রসিং (ফ্লাইওভারের উত্তর), মহাখালী ক্রসিং (রেল ক্রসিং), প্রধানমন্ত্রীর কার্যালয় লিংক রোড ক্রসিং, খেজুরবাগান ক্রসিং, আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়, মিরপুর-১০, সংগীত কলেজ গলি, বিসিএস কম্পিউটার সিটি গলি, পাসপোর্ট গ্যাপ, নির্বাচন কমিশন অফিস গ্যাপ, ৬০ ফিট রোড, চক্ষু হাসপাতাল গলি, সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ, কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ, শিশু মেলা ক্রসিং, প্রতিরক্ষা গ্যাপ ও গণভবন ক্রসিং।



























