তিন দিনের সফরে আগামী মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিন দিন পরই মার্কিন নৌবাহিনীর এই শীর্ষ কর্মকর্তা ঢাকায় আসছেন। ফলে সফরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপক্ষীয় যোগাযোগ আরও জোরদারের ইঙ্গিত বহন করছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সূত্রে জানা গেছে, অ্যাডমিরাল কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের একটি নৌবাহিনীর প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। এই সফর এ অঞ্চলে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বকে তুলে ধরার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বার্তাও দিচ্ছে।
অ্যাডমিরাল স্টিফেন কোহলার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন অভিজ্ঞ যুদ্ধবিমানচালক ও কৌশলগত সামরিক নেতা। প্রায় চার দশকের সামরিক জীবনে তিনি যুদ্ধবিমান পরিচালনা, বিমানবাহী রণতরীর নেতৃত্ব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে দায়িত্ব পালন করেছেন।
নৌবাহিনীর একটি পরিবারে বেড়ে ওঠা কোহলার ১৯৮৬ সালে ইউনিভার্সিটি অব কলোরাডো, বোল্ডার থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের নেভাল রিজার্ভ অফিসার ট্রেনিং কোর (এনআরওটিসি) কর্মসূচির মাধ্যমে তিনি কমিশন লাভ করেন। পরে নেভাল ওয়ার কলেজ থেকে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া জয়েন্ট স্টাফ কলেজ এবং নেভি নিউক্লিয়ার পাওয়ার প্রোগ্রাম থেকেও উচ্চতর সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
১৯৮৯ সালের মার্চে নৌবাহিনীর বিমানচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি এফ-১৪ টমক্যাট ও এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমানে ৩ হাজার ৯০০ ঘণ্টার বেশি উড্ডয়ন করেছেন। পাশাপাশি বিমানবাহী রণতরীতে ৬০০টির বেশি সফল অবতরণের অভিজ্ঞতা রয়েছে তার।
-আগামীর সময়


























