ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ৬ জনকে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা অবৈধভাবে এই পুশইনের চেষ্টা চালালে বিজিবির বাধায় তা প্রতিহত হয়।
শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা বিওপি এলাকার সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে এই ঘটনা ঘটে। বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন নারীকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে। বিষয়টি সামন্তা বিওপি’র টহলদলের নজরে আসার সঙ্গে সঙ্গেই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন এবং ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করেন।
বিজিবির তাৎক্ষণিক ও দৃঢ় অবস্থানের কারণে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ৬ ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে বিএসএফকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

































