ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল হোসেনকে আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ লাখ টাকার বেশি অর্থ জব্দ করা হয়েছে বলে জানা গেছে। আটকের পর তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়। নীলফামারীর পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় তার কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল হোসেন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়া এলাকায়। তিনি ঠাকুরগাঁওয়ের সালন্দর ডিগ্রি কলেজের একজন শিক্ষক। তার লাগেজে ৫০ লাখ টাকার বেশি অর্থ রয়েছে বলে জানান তিনি। ওই টাকা গার্মেন্টস ব্যবসার বলে দাবি করেন তিনি।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, "আটক ব্যক্তি বলেছেন যে তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। পুলিশ এখনও গুণে দেখেনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে।"
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একইসঙ্গে টাকা বহনের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
আগামীকাল নির্বাচনের মাত্র একদিন আগে এই আটক ঘটনাটি বিশেষ তাৎপর্য বহন করছে। নির্বাচনের আগে বিপুল পরিমাণ অর্থ নিয়ে চলাচলের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ ও সেনাবাহিনী বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।
































