রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় লাইব্রেরির প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। ১৬ নভেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে জোহর নামাজের পর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় জানাজা নামাজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অংশ নেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীতে নিজ বাসায় মৃত্যুবরণ করেন হাসান আজিজুল হক। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক।
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন তিনি। ২০০৪ সাল পর্যন্ত তিনি সেখানে অধ্যাপনা করেন। ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে।
































