১৬ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০৫:২৩ পিএম
১৬ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের উৎসবে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর ২১তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, “আমরা ভারতের রাষ্ট্রপতি এবং ভুটানের সাবেক রাজাকে ১৬ ডিসেম্বরের জন্য দাওয়াত দিয়েছি। ইতোমধ্যে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফর নিশ্চিত করেছেন। তবে এখনও ভুটানের পক্ষ থেকে দেশটির সাবেক রাজার সফরের বিষয়টি নিশ্চিত করেনি।”

এর আগে চলতি বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের এটি প্রথম বাংলাদেশ সফর হবে। 

১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পূর্তি হবে পাঁচ দশক। ইতিহাসের এই সন্ধিক্ষণ উপলক্ষে আমন্ত্রিত অতিথি হিসেবে ঢাকায় আসবেন ভারতের রাষ্ট্রপতি। ১৬ ডিসেম্বর তিনি ঢাকায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন।

কূটনৈতিক সূত্রে জানা যায়, তিন দিনের জন্য ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশ সফর করবেন। ১৫ ডিসেম্বর তাঁর ঢাকায় আসার কথা রয়েছে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। এরপরের দিন তিনি দেশে ফিরে যাবেন।

Link copied!