রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্সে গাঁজা বহনকালে ৩২ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় গাঁজা বহন কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়।
তারা হলেন মো. রাজু মিয়া, মো. মুরাদ, মো. সজীব মিয়া, মো. সারোয়ার হোসেন ও মো. মুন্না।
শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা এসব তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে রমনা মডেল থানার ওয়্যারলেস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
রাজন কুমার সাহা বলেন, “কিছু মাদক কারবারি অ্যাম্বুলেন্সে করে গাঁজা এনে রাজধানীর ওয়্যারলেস মোড় এলাকায় অবস্থান করছে বলে গোপন খবর পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে অবস্থানরত একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ৩২ কেজি গাঁজা জব্দসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা বহন কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।”
তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।
































